আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) মগবাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নুরুন্নবী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। নুর নবীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, নুরুন্নবী পেশায় একজন ভ্যানচালক। তার স্ত্রী ও ছয় বছরের এক ছেলে রয়েছে। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাজপুর গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে তিনি।রাজধানীর এ্যালিফেন্ট রোডে বাটা সিগনাল এলাকার একটি মেসে ভাড়া থাকতেন নুর নবী।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে তিনতলা একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে ১৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন প্রায় বিধ্বস্ত। আশপাশের অন্তত সাতটি ভবনের কাঁচ উড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে রাস্তায় থাকা তিনটি বাস।