পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একটি শব্দ—‘ড্রাফট’—ঘিরেই এই বিতর্কের সূত্রপাত।
ঘটনাটি ঘটে তার এক্স (সাবেক টুইটার) পোস্টকে কেন্দ্র করে। পোস্টটির আগের সংস্করণে ‘Draft – Pakistan’s PM Message on X’ লেখা ছিল, যা পরে চূড়ান্ত সংস্করণ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এক্সের এডিট হিস্ট্রি ফিচারের কারণে আগের সংস্করণটি ব্যবহারকারীদের নজরে আসে।
চূড়ান্ত পোস্ট প্রকাশের মাত্র এক মিনিট আগে সেই ‘ড্রাফট’ সংস্করণটি আপলোড করা হয়েছিল। এরপরই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
মূল বার্তায় শরিফ লিখেছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে দুই সপ্তাহের সময় দেওয়ার আহ্বান জানান এবং ইরানকে শুভেচ্ছার নিদর্শন হিসেবে হরমুজ প্রণালি খোলা রাখার অনুরোধ করেন। একই সঙ্গে সব পক্ষকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি মানার আহ্বানও জানান।
তবে বার্তার চেয়ে বেশি আলোচনায় আসে পোস্টটির সম্পাদনার ইতিহাস। অনেক ব্যবহারকারী মনে করছেন, বার্তাটি যথাযথভাবে যাচাই না করেই প্রকাশ করা হয়েছে। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, এমন একটি গুরুত্বপূর্ণ বার্তায় এ ধরনের ভুল দায়িত্বশীলতার অভাবের ইঙ্গিত দেয়।
আরেকটি দিক নিয়েও আলোচনা চলছে—‘Pakistan’s PM Message’ শব্দচয়ন দেখে অনেকে ধারণা করছেন, বার্তাটি পাকিস্তানের বাইরে কারও দ্বারা প্রস্তুত করা হতে পারে।
এই ঘটনা এমন সময়ে ঘটলো, যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। পোস্টটির পরপরই ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা শরিফের বার্তার সঙ্গেও মিল রয়েছে।
শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ১০ এপ্রিল ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করবে পাকিস্তান। এই প্রেক্ষাপটে একটি কূটনৈতিক মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমের এই ভুল নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।