মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে, হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী।
মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এমন পদক্ষেপ নিলে জলপথটির ওপর তেহরানের শক্ত নিয়ন্ত্রণ আরও দীর্ঘ সময় ধরে থাকতে পারে। এছাড়া এটি আবার চালু করার জটিল কাজটি ভবিষ্যতের জন্য বাকি থাকবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত কয়েক দিনে ট্রাম্প ও তার সহযোগীরা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তারা মনে করছেন, গুরুত্বপূর্ণ এই জলপথ জোর করে উন্মুক্ত করার চেষ্টা করলে যুদ্ধ ট্রাম্পের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা অতিক্রম করতে পারে।
কর্মকর্তাদের মতে, এই পরিস্থিতিতে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা। এরপর বর্তমান সংঘাত কমানো এবং কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ তৈরি করা, যাতে তারা অবাধ বাণিজ্যের সুযোগ দেয়।
কর্মকর্তারা জানিয়েছেন, যদি এই পরিকল্পনা ব্যর্থ হয়, তবে ওয়াশিংটন ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ওপর চাপ দেবে, যেন তারা হরমুজ প্রণালি আবার খোলার নেতৃত্ব নিক।
যদিও ট্রাম্প যুদ্ধ শেষ করার কথা বলছেন, একই সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে এই অঞ্চলে প্রবেশ করেছে নৌবাহিনীর বিশেষ জাহাজ ইউএসএস ত্রিপোলি এবং ৩১ তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট।
এছাড়া ‘৮২ তম এয়ারবোর্ন’ ডিভিশনের সদস্যদের মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ১০ হাজার অতিরিক্ত স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।