সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে ডাকাতদের জিম্মিতে থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।