সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সোমবার (২৩ মার্চ) হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। টানা গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে ভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বজ্রপাতের সম্ভাবনার কারণে স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
গালফ নিউজ জানায়, ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পানি জমে গেছে এবং নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এজন্য বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আবুধাবি পুলিশ সড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। রাস্তাঘাট পিচ্ছিল ও দৃশ্যমানতা কম হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। চালকদের বৈদ্যুতিক ডিসপ্লেতে প্রদর্শিত গতিসীমা মেনে চলার এবং বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিভিল ডিফেন্স বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে হঠাৎ বন্যা দেখা দিতে পারে। তাই আপাতত এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছেন, বৃষ্টির সময় মোবাইলে ছবি বা ভিডিও নেওয়া ঝুঁকিপূর্ণ। এ ধরনের আচরণ এড়িয়ে চলতে বলা হয়েছে, নাহলে আইনগত ব্যবস্থা ও জরিমানা করা হতে পারে।