ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুলেছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। তিনি অভিযোগ করেছেন, হত্যাকাণ্ডের পেছনে জামায়াত-বিএনপির পরিকল্পনা থাকতে পারে এবং হাদিকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলে মন্তব্য করেছেন।
রোববার (২২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালতে হাজির করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল এসব কথা বলেন। এদিন হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমার বিশেষ আদালতে তোলা হয়। এর আগে তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে রাখা হয়েছিল।
ফয়সাল বলেন, “আমি এই কাজ করিনি। এটি জামায়াত-বিএনপির চাল হতে পারে।” তবে জামায়াতের কারা এতে জড়িত—এমন প্রশ্নে তিনি বলেন, “সেটা আমি জানি না।”
ওসমান হাদিকে নিয়ে মন্তব্যে তিনি বলেন, “আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ যে হাদি হাদি করছে, হাদি তো জামায়াতের প্রোডাক্ট।”
হত্যাকাণ্ডের সময় তিনি বাংলাদেশে ছিলেন কি না—জানতে চাইলে ফয়সাল বলেন, “হ্যাঁ, ছিলাম।”
এর আগে, ৭ মার্চ বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে। পরে আদালত তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠায়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় হেলমেট পরিহিত মোটরসাইকেলযাত্রীরা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফয়সাল করিম মাসুদের বয়স ৩৭ বছর; বাড়ি পটুয়াখালী। আলমগীর হোসেনের বয়স ৩৪ বছর; বাড়ি ঢাকায়।