আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্ৰামের ২নং সিএন্ডবি নামক স্থানে বস্তাভর্তি ৫টি মানব কঙ্কাল পাওয়া গেছে। সোমবার (২৮ জুন) সকালের দিকে পড়ে থাকা বস্তা খুলে এসব কঙ্কালগুলো দেখতে পান স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, ওই এলাকার পারিবারিক একটি গোরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া হয়। সেখান থেকে চোর কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ২’শ মিটার দূরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশের একটি গোরস্থানে এগুলো বস্তাভর্তি অবস্থায় ফেলে যায়।
সোমবার সকালে গোরস্থানে বস্তা পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কঙ্কাল দেখতে পান লোকজন। রোববার দিবাগত রাতে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশে মোঃ রাজিব নামের একজনের মোটরসাইকেল চুরির চেষ্টা হয়। ঘরের তালা কেটে মোটরসাইকেল নেওয়ার সময় বাড়ির লোকজন টের পাওয়ায় মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোর।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল চুরির ঘটনায় লোকজনের হইহুল্লার কারণে কঙ্কাল ফেলে গেছে।
ওই এলাকার মোঃ নূরুল ইসলাম বলেন, যে গোরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে সেখানে আ: গফুর খাঁ, ছিরফত খাঁ, মেহেরুনেছা, হাসেম খাঁ, রমু খাঁ, জয়নব বিবির কবর রয়েছে। বস্তাভর্তি কঙ্কাল পাওয়ার পর আশপাশের গোরস্থানগুলোতে খোঁজ নেওয়া হয়। পরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার অদূরে পারিবারিক গোরস্থানে পাঁচটি কবর খোঁড়া থাকতে দেখা যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, বিষয়টি আমাদেরকে কেউ জানাননি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।