ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং স্যাটেলাইট চিত্রে কিছু ভবন বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নাতানজের শহীদ আহমদী রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে শনিবারের হামলাটি ‘অপরাধমূলক’ এবং এটি আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।
তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কৌশলগত এই কেন্দ্রটি এর আগেও ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রও সেখানে হামলা চালায়।
তিন সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরাইলের দাবি, শনিবারও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে।
সূত্র: আলজাজিরা।