পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে ঢুকতে দেয়নি ইসরাইলি বাহিনী। নিরাপত্তার কারণ দেখিয়ে ঈদের দিন মসজিদটি বন্ধ রাখা হয়। এর ফলে অনেক মুসল্লিকে মসজিদের গেটের সামনে ও আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে হয়েছে। প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের পর এই প্রথম ঈদের দিন আল-আকসা বন্ধ রাখা হলো। মসজিদ চত্বর বন্ধ থাকায় ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নামাজ পড়ার জন্য তারা যতটা সম্ভব কাছাকাছি জায়গায় জড়ো হন।
ইসরাইলের এই সিদ্ধান্তের প্রতিবাদে আল-আকসার খতিব ও জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি মুসলমানদের মসজিদের কাছাকাছি স্থানে ঈদের নামাজ পড়ার আহ্বান জানান।
আল-জাজিরার খবরে বলা হয়, শুক্রবার মুসল্লিরা নামাজ পড়তে এলে তাদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়া হয় এবং তাদের সরিয়ে দিতে অভিযান চালানো হয়।
ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে আগে থেকেই আল-আকসায় প্রবেশে কঠোর নিয়ম ছিল। এই ঘটনার ফলে এলাকার উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।