ইরান জানিয়েছে, তারা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে।
দেশটির সামরিক বাহিনীর দাবি, তাদের শীর্ষ কর্মকর্তাদের ও বহু নৌসদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে পশ্চিম জেরুজালেমে অবস্থিত মন্ত্রণালয়টিতে এই হামলা করা হয়।
এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র নিহত সদস্যদের প্রতিশোধ এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবের মৃত্যুর জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই হামলায় কী পরিমাণ ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে টর্পেডো হামলা চালানো হয়। সে সময় জাহাজটি ভারতে মহড়া শেষে দেশে ফিরছিল। ওই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন।
এছাড়া, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের একটি বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন।