বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে। নতুন ফোন কেনার পর অনেকেই পুরোনো ফোনটি আলমারির ড্রয়ারে বা ঘরের কোনো কোণে রেখে দেন। কিন্তু সেই ফোনে থাকা পুরোনো ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার না হলেও ধীরে ধীরে নষ্ট হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এভাবে ঘরে পুরোনো ফোন ফেলে রাখা কখনো কখনো দুর্ঘটনার কারণও হতে পারে।
স্মার্টফোনে সাধারণত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ধরনের ব্যাটারি ব্যবহার না হলেও এর ভেতরে রাসায়নিক প্রক্রিয়া চলতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারি ফুলে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি ফোনটি খুব গরম জায়গায় রাখা হয় বা ব্যাটারিতে ত্রুটি দেখা দেয়, তাহলে শর্ট সার্কিট কিংবা বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে।
অনেক সময় দীর্ঘদিন বন্ধ থাকা ফোনে হঠাৎ চার্জ দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। এতে আগুন লাগা বা বিস্ফোরণের সম্ভাবনা বাড়ে। কেউ কেউ পুরোনো ফোন চার্জারসহ প্লাগে লাগিয়ে রেখে দেন বা সম্পূর্ণ চার্জ শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ব্যবহার করেন না। আবার অনেক সময় ভাঙা বা ফুলে যাওয়া ব্যাটারি থাকা অবস্থাতেই ফোনটি ঘরে পড়ে থাকে। এসব অভ্যাস ঝুঁকি বাড়িয়ে দেয়।
পুরোনো স্মার্টফোন শুধু নিরাপত্তার ঝুঁকি তৈরি করে না, পরিবেশের জন্যও ক্ষতিকর হতে পারে। এতে থাকা ব্যাটারি ও বিভিন্ন ইলেকট্রনিক উপাদানে এমন রাসায়নিক থাকে, যা ভুলভাবে ফেলে দিলে মাটি ও পানির ক্ষতি করতে পারে। তাই পুরোনো ফোন নিরাপদভাবে নিষ্পত্তির জন্য ই-ওয়েস্ট ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করাই সবচেয়ে ভালো।