ঢাকাTuesday , 24 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী বিতরণ

Link Copied!

মুন্সিগঞ্জের মোল্লাকান্দি গ্রামের বিধবা মনজুরা বেগম (৫৫) বলেন, “গেলো পাঁচটা রোজা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার করেছি। গতকাল শুনলাম এখানে ১০ টাকায় ইফতার দেবে। তাই আজ নাতিকে নিয়ে চলে আসছি। একটা ব্যাগের দাম দিয়েই আট রকম ইফতার সামগ্রী পেলাম। এখন বাকি রোজাগুলো একটু ভালোভাবে কাটবে।” ৯ বছরের নাতিকে নিয়ে তার সংসার মানুষের সাহায্যের ওপর নির্ভর করে চলছে।

#New_Classic_Event_Management

রমজানের শুরুতেই স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে মুন্সিগঞ্জের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘১০ টাকায় ইফতার বাজার’। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে এই বাজারের আয়োজন করে।

এ অস্থায়ী বাজার থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে পাঁচ শতাধিক নিম্ন আয়ের পরিবার সংগ্রহ করেন ইফতারের জন্য প্রয়োজনীয় ৮ ধরনের পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল তেল, খেজুর, পেঁয়াজ, ছোলা, চিনি, চিড়া, ডাল ও মুড়িসহ অন্যান্য সামগ্রী।


স্কুল মাঠে সাজানো স্টলে ক্রেতারা নিজ হাতে পছন্দমতো পণ্য তুলছেন। পার্থক্য শুধু একটাই—প্রতিটি প্যাকেটের মূল্য মাত্র ১০ টাকা। বাজারজুড়ে ছিল নিম্ন আয়ের মানুষের ভিড় এবং মুখভরা হাসি।

টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার আব্দুল মান্নান (৭০) বলেন, “যে ব্যাগ দিয়ে বাজার দিচ্ছে সেটার দামই ১৫ টাকা। অথচ এখানে ১০ টাকা দিয়ে ব্যাগভর্তি বাজার করছি। গরিব মানুষের জন্য এমন বাজার আরও হওয়া দরকার। তারা আমাদের সম্মান দিয়ে বাজার করতে দিয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”

সদর উপজেলার চরবেহেরপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা লাবুনি আক্তার (৩৮) বলেন, “গত পাঁচ বছর ধরে প্রতি রমজানে এখান থেকে ইফতার কিনি। এ বছর কয়েকটা রোজা চলে গেলেও বাজার বসেনি দেখে খুব চিন্তায় ছিলাম। আজ সকালে শুনেই চলে আসছি। এখন অন্তত কিছুদিন ইফতার নিয়ে চিন্তা করতে হবে না।”

সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব হাসান জানান, নিম্ন আয়ের মানুষের আত্মসম্মানবোধের কথা বিবেচনা করে বিনামূল্যে নয়, নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে। তিনি বলেন, “২০২২ সাল থেকে আমরা ১০ টাকায় ইফতার বাজার এবং ১০ টাকায় এক কেজি গরুর মাংসের বাজারের আয়োজন করি। এতে মানুষ সাহায্য নেওয়ার বদলে বাজার করার অনুভূতি পায়। তারা আত্মসম্মান বজায় রেখেই পণ্য সংগ্রহ করতে পারেন।”

সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, “এবার পঞ্চমবারের মতো এই বাজারের আয়োজন করা হয়েছে। পাঁচ শতাধিক পরিবার উপকৃত হয়েছে। অসহায় মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তারা গর্বের সঙ্গে বাজার করে নিয়ে যাচ্ছেন, এটিই আমাদের আনন্দ।”

২০১৮ সালে প্রতিষ্ঠিত বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন প্রতিবছরই রমজানে নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী ও ১০ টাকায় গরুর মাংস বিতরণ করে থাকে। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সহায়তা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি