পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং এর মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে মানিকগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার উদ্যোগে আয়োজিত এ র্যালিতে ধর্মীয় পরিবেশ ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ সবার দৃষ্টি কেড়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাদরাসা ক্যাম্পাস থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।
শহরজুড়ে অংশগ্রহণকারীদের নিয়মতান্ত্রিক উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
র্যালিতে নেতৃত্ব দেন মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমান। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে রমজানের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান।
এ সময় এলাকাজুড়ে বিভিন্ন স্লোগান ধ্বনিত হয়। স্লোগানের মধ্যে ছিল—“রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে”, “দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে”, এবং “অশ্লীলতা ও অপসংস্কৃতি বন্ধ করো, রমজানের সম্মান অটুট রাখো”।
র্যালি শেষে সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমান বলেন, রমজান শুধু রোজার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, সততা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের সময়। তিনি সবাইকে রমজানের মর্যাদা রক্ষা, ব্যবসায় সততা বজায় রাখা এবং সামাজিক অনিয়ম থেকে দূরে থাকার আহ্বান জানান।