উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য “তারুণ্যের উৎসব ২০২৬” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রদান করে আসছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ও তৎসংলগ্ন এলাকায় এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও দেশপ্রেম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং অগ্নি নির্বাপণ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।