সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এবং জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামসহ অনেকে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার ধানমন্ডি লেক সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।
অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।