ঢাকাSaturday , 7 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন ইশতেহার ঘোষণায় আবু আশফাক

Link Copied!

দোহার-নবাবগঞ্জে উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন বিএনপি প্রার্থী আবু আশফাক, বৈষম্যহীন আধুনিক অঞ্চল গড়ার অঙ্গীকার, ইশতেহারে শিক্ষা-স্বাস্থ্য থেকে কৃষি ও নদী উন্নয়ন

#New_Classic_Event_Management

৭ই ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ ঘটিকায় আসন্ন নির্বাচনে দোহার-নবাবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু আশফাক তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি দোহার-নবাবগঞ্জকে একটি বৈষম্যহীন, পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশতেহার ঘোষণাকালে আবু আশফাক বলেন, রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থান করলেও দোহার-নবাবগঞ্জ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এই অবস্থা পরিবর্তনে সুপরিকল্পিত ও টেকসই উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য।


শিক্ষা ও সামাজিক মূল্যবোধে গুরুত্ব

ইশতেহারে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এলাকার সব স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা ও এতিমখানা সংস্কার ও আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় লাইব্রেরি স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি এবং কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথাও উল্লেখ করা হয়।

স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা

দোহার ও নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষায়িত চিকিৎসা সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। ২০২৭ সালের মধ্যে আই ক্যাম্পের মাধ্যমে চক্ষু রোগমুক্ত দোহার-নবাবগঞ্জ গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্যকার্ড কর্মসূচি চালুর আশ্বাস দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বিনিয়োগ

প্রবাসীদের সম্পদ ও সম্মান রক্ষায় আইনগত সহায়তা কেন্দ্র এবং দোহার-নবাবগঞ্জে পৃথক “এক্সপ্যাট সাপোর্ট সেল” গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। তাদের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।

অবকাঠামো, কৃষি ও শিল্প উন্নয়ন

সব সড়ক, সেতু ও কালভার্ট টেকসইভাবে সংস্কার, ঢাকার সঙ্গে দ্রুত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
কৃষির আধুনিকায়নে যান্ত্রিকীকরণ, ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, ভর্তুকিযুক্ত সার-বীজ, স্বল্পসুদে কৃষিঋণ ও নদীভাঙন রোধ প্রকল্পের অঙ্গীকার করা হয়।
এছাড়া দোহার-নবাবগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুজ্জীবনে “হেরিটেজ টেক্সটাইল পার্ক” স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

ইছামতী নদী ও জ্বালানি নিরাপত্তা

ইছামতী নদীতে ড্রেজিং, পদ্মা নদীর সঙ্গে সুইস গেইট সংযোগ এবং দীর্ঘমেয়াদি তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিটি ঘরে গ্যাস সংযোগ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতার ওপর জোর দেওয়া হয়।

নারী উন্নয়ন ও সুশাসন

নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা সেল, বিধবা ও অসহায় নারীদের ভাতা এবং নারী উদ্যোক্তা তৈরিতে ক্ষুদ্রঋণ প্রকল্প চালুর ঘোষণা দেওয়া হয়।
ইশতেহারের শেষাংশে স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘ওপেন বাজেট সভা’, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনের অঙ্গীকার করা হয়।

আবু আশফাক বলেন, “জনগণকে সঙ্গে নিয়েই দোহার-নবাবগঞ্জের উন্নয়ন নিশ্চিত করা হবে। এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও মানবিক জনপদ গড়ে তোলা সম্ভব।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি