মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় নিজ বসতঘরে গলায় মোবাইলের তার পেঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইমরান মোড়ল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে ইমরানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার চাচা জহির মোড়ল বাড়িতে গিয়ে তালাবদ্ধ ঘর দেখতে পান। তালা ভেঙে ঘরে প্রবেশ করলে ইমরানকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়, গলায় মোবাইলের তার পেঁচানো অবস্থায়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।
নিহত ইমরান স্থানীয় মানিক মোড়লের ছেলে। তার পিতা প্রবাসী, মা বোনের বাড়িতে এবং স্ত্রী পিত্রালয়ে থাকতেন। তিনি একাই ওই ঘরে বসবাস করতেন।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।