আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসজুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের প্রভাব অব্যাহত থাকবে। রাজধানীতে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের তীব্রতা এখনও কমেনি।
ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইছে। এই হিমেল বাতাসের কারণে নগরবাসী কনকনে শীত অনুভব করছেন। একই সঙ্গে ভোরের দিকে কুয়াশার পরিমাণও বেড়েছে, ফলে সকালবেলা ঢাকার অনেক এলাকা কুয়াশায় ঢেকে থাকছে।
গত দুই দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠান্ডার অনুভূতি রয়ে গেছে। সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ বেশি সমস্যায় পড়ছেন। ফুটপাত ও নিচু এলাকায় বসবাসকারীদের দুর্ভোগ আরও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বলেন, বর্তমানে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, তা কিছুদিন আরও থাকতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা সামান্য বাড়লেও সামগ্রিকভাবে শীতের পরিস্থিতি একই থাকবে। তবে এক সপ্তাহ পর নতুন করে কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসজুড়ে হিমেল বাতাস ও শীতের অনুভূতি বজায় থাকবে।