শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় শুক্রবার দুপুরের পর থেকে অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। আন্দোলনকারীরা শাহবাগেই রাতভর অবস্থান করার ঘোষণা দিয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে বসে পড়ে।
সন্ধ্যায় অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার তা করতে পারেনি। তাই এখন লাগাতার আন্দোলন চলবে। তিনি বলেন, সরকার ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির রক্তের বিচার চাইতেই মানুষ রাস্তায় নেমেছে। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাব না দেওয়া পর্যন্ত শাহবাগ ছাড়া হবে না। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে এবং রাতভর অবস্থান থাকবে।
অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে।