পদ্মা নদীতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার অভিযোগে ঢাকার দোহার উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জন জেলেকে আটক করেছে প্রশাসন। এদের মধ্যে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ৫ জনের বয়স কম হওয়ায় অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
শনিবার (১৮ অক্টোবর) ভোররাতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে কোস্ট গার্ডের সদস্যরা।
আটকদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। বাকি ৫ জনকেও ভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।
এ সময় অভিযানকারীরা প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি উদ্ধার করা ৬০ কেজি মা ইলিশ মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন সুলতানা মুন্নি জানান, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় দোহার উপজেলার প্রায় ৩২ কিলোমিটার নদীপথ জুড়ে রাতব্যাপী অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।