বাগেরহাট জেলা পুলিশ এর জুলাই/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ই আগস্ট সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়।
অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন জনাব মুহাম্মদ মহিদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
অপরাধ পর্যালোচনা সভায় বাগেরহাট জেলার জুলাই/২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। বাগেরহাট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার মহোদয় গুরুত্বারোপ করেন।
সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার মহোদয় নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, প্রত্যেক ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে।
তিনি দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে জোর পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করেন।