ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের নির্দেশনায় ২৬ই জুন বৃহস্পতিবার সকাল ৯টায় দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে খালের কচুরিপানা অপসারণ করে জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে জামায়াতে ইসলামী দোহার উপজেলা শাখার নেতাকর্মীরা।
দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় আচ্ছন্ন হয়ে পড়েছিল, ফলে পানি চলাচল বন্ধ হয়ে যায় এবং কৃষিকাজসহ স্থানীয় পরিবেশে নানা সমস্যা দেখা দেয়। বিষয়টি স্থানীয় জনগণের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেন ব্যারিস্টার নজরুল ইসলাম। তার সরাসরি নির্দেশনায় ও তত্ত্বাবধানে জামায়াতের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল থেকে কচুরিপানা অপসারণে অংশগ্রহণ করেন।
এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত প্রশংসার চোখে দেখছেন। তারা জানান, খালের পানি চলাচল স্বাভাবিক হওয়ায় কৃষিকাজে সুবিধা হবে এবং মশা ও দুর্গন্ধজনিত সমস্যা থেকেও মুক্তি মিলবে।
জামায়াত নেতৃবৃন্দ জানান, “এই কার্যক্রম কেবল খাল পরিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এলাকার জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় একটি প্রতীকী পদক্ষেপ। ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
এ বিষয়ে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, “জনগণের সমস্যা মানেই আমাদের দায়িত্ব। আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। জনগণের পাশে থেকেই আমরা পরিবর্তনের পথে হাঁটতে চাই।”
এই জনসেবামূলক কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতের জন্য এমন আরও উদ্যোগ কামনা করেছেন।