ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে আশুগঞ্জের সংযোগকারী জনগুরুত্বপূর্ণ নির্মানাধীন সড়কটির কাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নবীনগর উত্তর এলাকার ২০টি গ্রামের হাজার হাজার মানুষ।
বিগত সরকারের আমলে চালু হওয়া এ রাস্তার কাজ দীর্ঘদিন যাবত তেমন কোনো অগ্রগতি না হওয়ায় এমনিতেই চরম ক্ষোভ এলাকাবাসীর, এখন বৈশাখ মাসের বৃষ্টিতে রাস্তাটি কাঁদা-পানিতে একাকার ,ফলে চলাচলকারী মানুষ ও যানবাহনের জন্য ভয়াবহ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বীরগাঁও গ্রামের বাসিন্দা বশির মিয়ার সাথে কথা বলে জানা যায় – দীর্ঘদিন যাবত রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে এতে প্রায়শই দুর্ঘটনা ঘটতো। এখন বৃষ্টির পানিতে রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়। ফলে জনদুর্ভোগ আরো বেড়ে গেছে।
ফলে স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী কিংবা বয়োজ্যেষ্ঠদের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। অনেক সময় যানবাহন আটকে যায়,ফলে যানজটের সৃষ্টি হয়। নবীনগর ও আশুগঞ্জ উপজেলার মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটির এমন বেহাল দশার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে ও নেতিবাচক প্রভাব পড়ছে। নবীনগরের উত্তর অঞ্চলের ২০টি গ্রামের ভুক্তভোগী জনগণ দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী জানান- “রাস্তার কাজ পুনঃরায় শুরু হয়েছে, রাস্তার স্থায়িত্বের জন্য ও মাটি স্থায়ী ভাবে বসার জন্য বৃষ্টির যেমন প্রয়োজন সময় দেয়া ও জরুরী, তাই একটু ধৈর্য্য ধারন করতে হবে। এমন টেকনিক্যল কারন ছাড়া যদি ঠিকাদারের কোন গাফিলতি থাকে তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে “।