ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দি ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিক জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শনিবার দুপুরে ঢাকার বনশ্রী এলাকার তাকওয়া মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।