ঢাকার নবাবগঞ্জে ৮ই জানুয়ারি প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিএনপি নেতাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান পরিচালনা করে নিখোঁজ পান্নুকে উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যক্তিগত কারণে অভিমান করে আত্মগোপনে ছিলেন এই বিএনপি নেতা। উদ্ধারের পর তাকে তার পরিবার ও রাজনৈতিক সহতর্মীদের জিম্মায় দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভাল আছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জানা যায়, গত ৮ই জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা বের হন বিএনপির এ নেতা। তার মোবাইল বন্ধ থাকায় ১০ জানুয়ারি তার ছেলে বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন দলটির মহাসচিব। বুধবার পান্নু সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।