ঢাকার নবাগঞ্জের বান্দুরা এলাকা থেকে প্রতিক সরকার নামে ১৩ বছরের এক স্কুল ছাত্রকে মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারী) সকালে এ ঘটনা ঘটে।
অপহৃত প্রতিক সরকার বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকার সঞ্জয় কুমার সরকারের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুরের নড়িয়া এলাকার পারভেজ আহমেদ (৪০), যাত্রাবাড়ি এলাকার মোক্তার হোসেন আকাশ (৩৯), মুন্সিগঞ্জের লৌহজং এলাকার আতিক হাওলাদার আরিফ (৪৪), ঢাকার জুরাইন এলাকার জুম্মন খান (৪১) ও গাড়ি চালক চাঁদপুরের বরইনাও এলাকার মিজান (৫৩)।
অপহৃত প্রতিক সরকার জানায়, বুধবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে এক ব্যক্তি তার বাবার বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে জোর করে গাড়িতে তোলে। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে গাড়িটি দ্রুত গতিতে দোহারের দিকে রওনা দেয়। পরে এ ঘটনার জানাজানি হলে পুলিশ খবর পেয়ে ফুলতলা ফাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। গাড়ি থেকে ছাত্রটিকে উদ্ধার করে গাড়ির ভেতরে থাকা ড্রাইভারসহ মোট পাঁচ জনকে আটক করে দোহার থানা পুলিশ।
এমন ঘটনায় পুলিশ ফাঁড়ির সামনে শতাধিক মানুষ জরো হয়ে আসামিদের বিচারের দাবি জানান ছাত্রসহ স্থানীয় জনতা।
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিশুটির বাবা সঞ্জয় কুমার সরকার। তবে কি কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিলো তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পাওয়ার সংঙ্গে সংঙ্গে ঘটনাস্থলে পৌছায় ঢাকা জেলার দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। তিনি বলেন, পুলিশ এই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।