রাষ্ট্রপতির মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার ২৩ অক্টোবর সাড়ে এগারোটায় জয়পাড়া কালেমা চত্বরে এই সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা দোহার শাখা। এই সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে নাহলে আমরা বঙ্গভবন ঘেরাও করবো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতা দোহার শাখার ডাকে জয়পাড়া কালেমা চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়। সেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিয়ে উপজেলা চত্তর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লটাখোলা করম আলীর মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার দোহার শাখার পক্ষে আদনান মাসুদ বলেন, ‘এ দেশে স্বৈরচারের দোসরদের থাকতে দেওয়া যাবে না। স্বৈরাচারের কোনো রাষ্ট্রপতি আমরা চাই না। এই রাষ্ট্রপতি ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের দোসর আমলাদের টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এই রাষ্ট্রপতির কারণে স্বাধীনতার এত দিন পরও স্বৈরাচারের আমলাদের ধরা যায়নি। আমরা বিপ্লবী সরকারের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তারা আমাদের আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়েছে। আমার ভাইয়ের রক্তের বিচার তারা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে। আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই।’
আওয়ামী লীগ উদ্দেশে মো: ইলিয়াস বলেন, ‘আপনারা এখনো দেশের আনাচকানাচে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের জায়গায় এই বাংলার মাটিতে হবে না।’
আওয়ামী লীগের রাজনীতির অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের হাতে, যুবলীগের হাতে, ছাত্রলীগের হাতে আমরা ভাইয়ের রক্তের দাগ লেগে আছে, এই দাগ রেখে তাদের রাজনীতি করার অধিকার এই বাংলায় দেওয়া যাবে না।’