প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জ উপজেলায় অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেছেন, দখলদার সে যে ব্যক্তি হোক না তাকে ছাড় দেয়া হবে না। সে যদি আমার আওয়ামী লীগের কিংবা সহযোগী সংগঠনের নেতাকর্মীও হয়, কাউকেই ছাড় দেয়া হবে না।
এই বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জদের নির্দেশ দেয়া হয়েছে। তাই অবৈধভাবে কাউকে হয়রানি করতে দেয়া হবে না। গতকাল নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ব্রজ নিকেতন ভবন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান এমপি বলেন, ব্রজ নিকেতন ভবনটি সাবেক এক জজ সাহেব ও বিএনপি ক্ষমতায় থাকালীন তার ছোটভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক অবৈধভাবে দখল করে ভোগদখল করে আসছিলেন। বর্তমান সরকার আইনের মাধ্যমে তাদের কাছ থেকে দখলমুক্ত করেছে। ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষণের জন্য সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে যা যা করার করবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে কারও অধীনে দখলে থাকবে তা করতে দেয়া হবে না।
দোহার-নবাবগঞ্জে এই ধরনের যতগুলো স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সংরক্ষণের জন্য দখলমুক্ত করে ঐতিহাসিক স্থাপনা হিসেবে জনগণের কাছে তুলে ধরার সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এর পূর্বে ওই বাড়ির বিভিন্ন কক্ষ ও চারপাশ ঘুরে দেখেন এমপি।
এই সময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল হাসনাত, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দীন আহমদ ঝিলু, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মতিউর রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর ইসলাম, নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হালিম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জালাল, নবাবগঞ্জ প্রেস ক্লাবে সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাবগঞ্জ উপজেলার শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন ও মুক্তমঞ্চ উদ্বোধন করেন এবং নবাবগঞ্জ উপজেলার আন্তঃস্কুল ও মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা দেখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। পরে দোহার উপজেলায় অনুষ্ঠিত শেখ কামাল আন্তঃস্কুল ও আন্তঃমাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, দোহারে অসহায় দুস্থ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসাসামগ্রী বিতরণ ও নারিশা ইউনিয়ন পরিষদ চত্বরে খাল পুনঃখননের কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মী।