উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পারিবারিক মিলনমেলা। ‘হৃদয়ে ৯৫’ শিরোনামে শনিবার (২৯ আগস্ট ২০২৬) সাদাপুরে অবস্থিত ওয়্যান্ড ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ১৯৯৫ ব্যাচের যেসব বন্ধু ইতোমধ্যে না ফেরার দেশে চলে গেছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি উপস্থিত সকল বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষার্থীরা শৈশবের স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আনন্দ-আড্ডায় মেতে ওঠেন। ব্যাচের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করায় পুরো আয়োজনটি একটি আনন্দঘন পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে ১৯৯৫ ব্যাচের দুই বন্ধুর সন্তান এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়। তাঁদের মধ্যে নাফিজা মেহজাবিন জিপিএ-৫ এবং রিসা ইসলাম জিপিএ-৪.৫০ অর্জন করেছে।
উপহার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে নাফিজা মেহজাবিন বলেন, “বাবার সঙ্গে এসে উপহার পেলাম। এ আনন্দ আমার আগামীর পথচলার জন্য দোয়া ও অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, শৈশবের বন্ধুদের মাঝে ফিরে আসা এবং দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক বন্ধন অটুট রাখার লক্ষ্যেই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সামাজিক ও পারস্পরিক সহযোগিতায় ‘ব্যাচ ৯৫’ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
দিনব্যাপী আয়োজনে ছিল দুপুরের ভোজ, স্মৃতিচারণ, গল্প-আড্ডা ও নানা আনন্দ আয়োজন। বিকেলে কফি আড্ডায় ফারুকের কণ্ঠের গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতির আবেশে দিনটি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের কাছে হয়ে ওঠে স্মরণীয়।