সুন্দরবনে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে ওই দুই এলাকা থেকে সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা অবৈধভাবে হরিণের মাংস সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ব্যক্তিদের এবং জব্দ করা হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।