ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের জালালপুর এলাকায় রাসেল (২৯) নামে এক রিকশাচালককে আগুনে পুড়িয়ে রিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (বিকেল ৪টার দিকে) এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মেঘুলা এলাকা থেকে দুই যাত্রীকে নিয়ে জালালপুরে পৌঁছালে অভিযুক্তরা পেছন থেকে রিকশাচালক রাসেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এতে তার শরীরের প্রায় অর্ধেক অংশ দগ্ধ হয়।
আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুই ব্যক্তি রিকশা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় প্রাণ বাঁচাতে দগ্ধ অবস্থায় পাশের একটি পুকুরে ঝাঁপ দেন রাসেল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।
ঘটনার বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত রাসেলকে দেখে এসেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করছি। আহত ব্যক্তি সুস্থ হলে তার বক্তব্য নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।