রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২৩ জুন মঙ্গবার সকালে মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেওয়া হয়। এ ঘটনায় মাহফুজুর রহমান শিশির নামের এক সাংবাদিক গুরুতর আহত হন।
বিক্ষোভ মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমান।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ব্রিফিং শেষে সাংবাদিকদের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ সাংবাদিককে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়।
এ সময় কিছু নেতাকর্মী সাংবাদিকদের আওয়ামী লীগের সমর্থক বলে মন্তব্য করেন। এতে সাংবাদিকরা আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলার ঘটনা ঘটে। হামলায় দৈনিক সকাল-এর প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।
তার মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান।
ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তার দাবি, কর্মসূচিতে বাইরে থেকে আসা কিছু ব্যক্তি জড়িত থাকতে পারেন।