ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের কোমরগঞ্জ বাজারে লিচুর দাম নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে কোমরগঞ্জ বাজারে লিচু ব্যবসায়ী আমিনুল ও সুরুজের মধ্যে লিচুর ক্রয়-বিক্রয়মূল্য নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে লিচু ব্যবসায়ী আমিনুলের পক্ষ নিয়ে স্থানীয় রবিন (৩৬), বাবু ওরফে ডিস বাবু এবং আমিনুল (৪০), পিতা অজ্ঞাত, সকলের বাড়ি বাহ্রা চরকান্দা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, একত্রিত হয়ে কোমরগঞ্জ বাজারের বটতলা মোড়ে ভিকটিম বাবু (৩২), পিতা মৃত সেরা, সাং- বাহ্রা চরকান্দাকে লক্ষ্য করে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলার সময় রবিনের হাতে থাকা একটি ছুরি দিয়ে ভিকটিমের পেটে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যান।
পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত আহত বাবুকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।