মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। দেশের বিভিন্ন জায়গায় জ্বালানির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে সরকার বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে।
এই অবস্থায় হোম অফিস চালু করা এবং অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এ নিয়ে একটি প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে, এরপর আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা কার্যক্রম চালু রাখতে সপ্তাহে ৬ দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা আছে। একই সঙ্গে বড় শহরগুলোতে অনলাইন ক্লাসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শুরুতে মহানগর এলাকার স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই ক্লাস চালুর পরিকল্পনা করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে জ্বালানি সাশ্রয় করা যাবে এবং শিক্ষার্থীদের পড়াশোনাও নিয়মিত চালিয়ে নেওয়া সম্ভব হবে।