ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ডাকবাংলো এলাকায় মোটরসাইকেল পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ঈদকে সামনে রেখে প্রতি বছর এ ধরনের চাঁদাবাজি চলে আসছে বলে অভিযোগ করেছেন স্থানীয় দর্শনার্থী ও মোটরসাইকেল চালকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী জানান, এটি একটি সরকারি জায়গা, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসেন। প্রশাসনের অনুমতি সাপেক্ষে ২০ থেকে ৩০ টাকা পার্কিং ফি নেওয়া যেতে পারে, কিন্তু ১০০ টাকা আদায় করা চাঁদাবাজির শামিল।
অপর এক শিক্ষার্থী দর্শনার্থী অভিযোগ করে বলেন, নির্ধারিত পার্কিংয়ের বাইরে মোটরসাইকেল রাখলেও কিছু ব্যক্তি জোরপূর্বক টাকা দাবি করে। এতে করে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এবং ফুলতলা পুলিশ ফাঁড়িকে ‘ম্যানেজ’ করে সেখানে পার্কিং জোন স্থাপন করা হয়েছে। তবে এ বিষয়ে পার্কিংয়ের দায়িত্বে থাকা কয়েকজন যুবকের সঙ্গে কথা বলতে চাইলে তারা দাবি করেন, ঈদ উপলক্ষে খরচ মেটাতেই এই টাকা নেওয়া হচ্ছে।
এদিকে ফুলতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে রাত ৮টা ১১ মিনিটে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, সরকারি জায়গায় অনুমতি ছাড়া পার্কিংয়ের নামে টাকা আদায় সম্পূর্ণ বেআইনি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।