রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার মধুবাগ এলাকায় বখাটেদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। ২০ই মার্চ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে পঞ্চগড় জেলার বোদা থানার ফুলতলা গ্রামের রংমিস্ত্রি মো. ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজারের একটি ভাড়া বাসায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে বড়।
নিহতের বড় ভাই কাজী সিয়াম আব্দুল্লাহ জানান, ইফতারের পর রাব্বি দুই বন্ধু ও এক বান্ধবীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। তখন স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫-৬ জন কিশোর তাদের ঘিরে ফেলে। কথাকাটাকাটির একপর্যায়ে তারা রাব্বির বুকে ছুরি চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা খারাপ হলে রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করেছেন, রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।