ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় মারা গেলেন ইবি সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা
কুষ্টিয়ায় ছুরিকাঘাতের ঘটনায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বুধবার (০৪ মার্চ) বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এদিন আনুমানিক বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের নিজ কক্ষে আসমা সাদিয়া রুনার উপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান-কেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখা যায় বলে জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।