ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের মাঝি-কান্দা নামক এলাকায় গরু বিক্রির ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই ও এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৫ই ফেব্রুয়ারি রোববার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আহত কামরুল মোল্লা (৪৫) জানান, ফরিদপুরের শিকদারকান্দী এলাকার রানা শিকদার (৩৭), নূর হোসেন (৩৮), মো. জসিম (৪০), শাহ আলম (৩৮) ও হান্নান খলিফা (৪৫) তার বাড়িতে প্রবেশ করে গরু বিক্রির টাকা দাবি করে। তিনি রাজি না হওয়ায় তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় তাদের হাতে ঘরের আলমারী ভাঙা হয় এবং গরু বিক্রির ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা কামরুলের চিৎকার শুনে তাকে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত কামরুল মোল্লা দোহার থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত নূর হোসেন ও রানা শিকদার দাবি করেছেন, ফরিদপুরের শিকদারকান্দী এলাকার শাহ আলমের সঙ্গে কামরুলের বিরোধ ছিল। বিরোধ মিটানোর চেষ্টা করতে গিয়ে ঘরে প্রবেশ করলে শাহ আলম তাঁকে মারধর করেছেন।
দোহার থানার পরিদর্শক মো. সোহেল জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।