বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গভীর রাতে চালানো এক বিশেষ অভিযানে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল রহিম (৫৮), পিতা মরহুম মজিবুল হক, মাতা রুবি বেগম, ঠিকানা মাদ্রাসা রোড, ৩ নম্বর ওয়ার্ড, মোংলা পৌরসভা এবং জসিম উদ্দিন (২৮), পিতা মুজিবর হাওলাদার, ঠিকানা সিগন্যাল টাওয়ার এলাকা। তারা দুজনই মোংলা থানাধীন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারিতে থাকা আব্দুল রহিমের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার বাড়ির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব মাদক বিক্রির উদ্দেশ্যেই মজুদ করা হয়েছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, আব্দুল রহিম দীর্ঘদিন ধরে মোংলা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। অপর গ্রেপ্তার জসিম উদ্দিন তার সহযোগী হিসেবে মাদক পরিবহন ও বিক্রিতে সক্রিয় ভূমিকা পালন করতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার বেড়ে যাওয়ায় সামাজিক অবক্ষয় ও যুবসমাজের বিপথগামিতা বাড়ছিল। এই অভিযানের ফলে তারা স্বস্তি ফিরে পেয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।