ভোলা-৩ (তজুমদ্দিন–লালমোহন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে চরের ভূমিহীন পরিবারগুলোকে বিনামূল্যে জমি বন্দোবস্ত দেওয়া হবে। এতে চরের খাস জমি নিয়ে চাঁদাবাজি ও দখলদারির সুযোগ বন্ধ হবে।
তিনি বলেন, ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন চরে ১০ হাজার ভূমিহীন পরিবারকে জমি দিয়েছিল। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবার তখন বসবাসের জন্য একটি স্থায়ী ঠিকানা পেয়েছিল। অতীতেও বিএনপি চরের মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, গত ১৬ বছরে চরের খাস জমি ভূমিহীনদের না দিয়ে দখল ও বিক্রি করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ শোষণের শিকার হয়েছে এবং শান্তিতে থাকতে পারেনি। বিএনপির লক্ষ্য হলো—চরের ভবিষ্যৎ প্রজন্ম যেন বন্দোবস্তের মাধ্যমে নিজের একখণ্ড জমির মালিক হতে পারে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিন ও চরমোজাম্মেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু এবং চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, সাহাদাত হোসেন পাটওয়ারী, জেলা যুবদলের সহসভাপতি হাসান সাফা পিন্টু, শাহ মো. শাহীন সাজী, অ্যাডভোকেট খালিদ হাসান মিরাজ, উপজেলা যুবদল নেতা মো. শাহজাহান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।