গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অমল চৌধুরী (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কৃষক অমল চৌধুরী কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের নিখিল চৌধুরীর ছেলে।
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু জানান, নিহত অমল চৌধুরী তার জমির ফসল বাঁচাতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়িতে চলে যান।
আজ রবিবার সকালে ফসল দেখতে নিজ জমিতে গেলে অসাবধানতাবশত নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পরিবারের সদস্যরা দুপুরের দিকে বিষয়টি টের পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসে।