আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনের খসড়া প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই বিষয়ে কোনো সাড়া না পেয়ে আবারও মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সোমবার (১০ অক্টোবর) ইসির পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য আরপিও-এর কতিপয় সংশোধন/সংযোজনের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ার প্রেক্ষিতে আরপিও সংশোধন সংক্রান্ত খসড়া বিল প্রস্তুত করে ০৮ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।
পরবর্তীতে গত ৪ অক্টোবর কমিশনের অনুমোদন সাপেক্ষে আরপিও-এর ইভিএম সংক্রান্ত অনুচ্ছেদে বাস্তবতার নিরিখে কিছু সংশোধনী আনয়নের জন্যও খসড়া প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রেরিত বিলের বিষয়ে ব্যবস্থা গৃহিত না হওয়ায় বা অগ্রগতি সম্পর্কে অবহিত না করায় গত ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে জরুরী পত্র দ্বারা অগ্রগতির বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করার জন্য অনুরোধ করা হয়। তা সত্বেও অদ্যাবধি ওই খসড়া বিলের অগ্রগতির বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়নি। বিষয়টি জরুরী বিধায় সংশোধন সংক্রান্ত খসড়া বিলের অগ্রগতির বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করার জন্য পুনরায় পত্র প্রদান করা হয়েছে।