কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইলেকট্রনিক যুদ্ধকৌশল প্রয়োগ করে ড্রোনটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সেটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপের দক্ষিণে অভিযান চালিয়ে ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইআরজিসির নৌবাহিনী। ড্রোনটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউএম-১৭০ মডেলের বলে দাবি করেছে তেহরান।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইলেকট্রনিক ওয়ারফেয়ার অপারেশনের মাধ্যমে ড্রোনটির দিকনির্দেশনা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় অবতরণ করানো হয়েছে। সংস্থাটির দাবি, এ ধরনের চতুর্থ ড্রোন হিসেবে এটি ইলেকট্রনিক যুদ্ধকৌশল ও ইউএভি কমান্ডের মাধ্যমে আটক করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালির আশপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পর্যন্ত মোট আটটি ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে।
ইরানের দাবি, ড্রোনটি ওই এলাকায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা শনাক্ত এবং পর্যবেক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল। তবে ড্রোন আটকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক তৎপরতা এবং নজরদারি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
