টেলিফোনে কথোপকথনের সময় ফার্সি ভাষা নির্ভুলভাবে শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তর করতে নিজস্ব প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা স্পিচ রিকগনিশন সিস্টেম তৈরি করেছে ইরান।
তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইন্টেলিজেন্ট সিস্টেমসের গবেষক ও শিক্ষক হাদি ভাইসি এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন। বিশেষ করে টেলিফোনে কথোপকথনের সময় সৃষ্ট শব্দদূষণ ও জটিল পরিবেশেও ফার্সি ভাষা নির্ভুলভাবে শনাক্ত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই এআই ব্যবস্থা।
উদ্ভাবকদের দাবি, পরীক্ষামূলক তুলনায় ফার্সি ভাষা শনাক্তকরণের ক্ষেত্রে ইরানের তৈরি এ প্রযুক্তি গুগলসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার তুলনায় ভালো ফলাফল দেখিয়েছে।
প্রযুক্তিটির উন্নয়ন সম্পর্কে হাদি ভাইসি জানান, ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগৃহীত কয়েক হাজার ঘণ্টার বাস্তব টেলিফোন কথোপকথনের তথ্য ব্যবহার করে এ মডেল তৈরি করা হয়েছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক টান, উচ্চারণের বৈচিত্র্য এবং স্থানীয় ভাষার বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন কথোপকথনও সহজে শনাক্ত করতে সক্ষম হচ্ছে এআইটি।
ইতোমধ্যে ইরানের কয়েকটি প্রতিষ্ঠানে স্মার্টফোনভিত্তিক অ্যাসিস্ট্যান্ট এবং স্বয়ংক্রিয় কাস্টমার কেয়ার সেবায় এ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নিজস্ব এআই প্রযুক্তি উদ্ভাবনের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিদেশি প্রযুক্তির ওপর ইরানের নির্ভরতা কমানোর পাশাপাশি দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে ফার্সি ভাষা ও আঞ্চলিক উপভাষাভিত্তিক ডিজিটাল সেবা উন্নয়নে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: মেহের নিউজ।
