উপকূলজুড়ে সুপেয় পানির তীব্র সংকট। চারদিকে নদী ও পানি থাকলেও খাবার পানির জন্য হাহাকার করছেন উপকূলের মানুষ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাড়ছে লবণাক্ততা, বিপন্ন হচ্ছে জেলে জীবন, মৎস্যসম্পদ ও কৃষি। অথচ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ থেকে কৃষক, জেলে ও উপকূলের মানুষের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের কোনো আশ্বাস মিলছে না বলে অভিযোগ করেছেন পরিবেশকর্মী ও উপকূলীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
তাঁরা বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় কৃষি ও খাদ্যব্যবস্থার সুরক্ষা, মৎস্যসম্পদ এবং জেলে জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং উপকূলের মানুষের অংশগ্রহণে ন্যায্য রূপান্তর নিশ্চিত করা জরুরি।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদীর তীরে আয়োজিত মানববন্ধন, মিছিল ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্যসম্পদ ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)।
কর্মসূচিতে কয়েক শ উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা অংশ নেন। তাঁদের হাতে ছিল পানিশূন্য কলস, মাছ ধরার জাল এবং জলবায়ু ন্যায্যতার দাবিসংবলিত ফেস্টুন। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখ।
সমাবেশে বক্তব্য দেন উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, নারী নেত্রী ও জলবায়ুযোদ্ধা রত্না শেখ, তন্বী মণ্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার ও জরিনা বেগমসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা উপকূলের অন্যতম প্রধান দুর্যোগে পরিণত হয়েছে। চারদিকে পানি থইথই করলেও খাবার পানির সংকট কাটছে না। উপকূলের মানুষ প্রতিনিয়ত সুপেয় পানির জন্য সংগ্রাম করছেন। অথচ কপ-৩১ থেকে কৃষকদের জন্য আশাব্যঞ্জক কোনো বার্তা পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম নিঃসরণ করে। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছেন এ দেশের কৃষক, জেলে, উপকূলীয় নারী ও গ্রামীণ জনগোষ্ঠী। বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার হলেও এ খাত পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ুসংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ১৯ শতাংশে নেমেছে।
তিনি আরও বলেন, কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর সুস্পষ্ট লক্ষ্যমাত্রা থাকতে হবে। একই সঙ্গে প্রয়োজনের অনুপাতে কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। এই অর্থ ক্ষুদ্র কৃষকের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছাতে হবে।
উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু বলেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দুর্যোগে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের তুলনায় প্রায় ১০ গুণ। অন্যদিকে দেশের কৃষি এখনো আমদানিনির্ভর জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশে ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূপ ডিজেলে চলে। প্রতিবছর অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়।
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নের ৬৫ শতাংশই ঋণ হিসেবে আসছে। এ পরিস্থিতিতে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিতে হবে। ন্যায্য রূপান্তর কর্মসূচিতে উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার সুস্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে।
নারী নেত্রী ও জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় নারীরা প্রজনন স্বাস্থ্যসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্মরোগ, টাইফয়েডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এ সংকট মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলে উপকূলের নারী, জেলে ও কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রাখার মধ্য দিয়েই ন্যায্য রূপান্তর বাস্তবায়ন করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যাবে না। তাঁদের দাবি, শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারী, জেলে, আদিবাসী ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির স্থায়ী সমাধান, জেলে ও মৎস্যসম্পদের সুরক্ষা, কৃষি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু অর্থায়নে বৈষম্য দূর করার দাবি জানান। তাঁদের মতে, উপকূলের মানুষের জীবন-জীবিকা রক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
