আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই তাদের প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল বলে জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকযোগে শত শত নেতাকর্মী জেলা শহরে আসতে শুরু করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে তারা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করে।
এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা সামনে এগিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা ও লাঠিসোঁটা হাতে অংশ নেন।
এদিকে মিছিলকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ করে লঞ্চঘাট ও বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।
কর্মসূচি চলাকালে পুলিশের পক্ষ থেকে মিছিলকারীদের বাধা দেওয়ার দৃশ্যমান কোনো ঘটনা দেখা যায়নি। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
মিছিল ও কর্মসূচিকে ঘিরে জেলা শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পুরো শহরজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।
