ভিন্নধর্মী ফ্যাশন স্টাইল ও আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে আবারও ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে আধুনিক শাড়ি ও গ্ল্যামারাস সাজে ধরা দিয়েছেন তিনি। তার নতুন এই লুক নিয়ে নেটিজেনদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহর। প্রথম সিনেমাতেই অভিনয়ের প্রশংসা পাওয়ার পাশাপাশি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও নিজস্ব স্টাইলের কারণেও বরাবরই আলোচনায় থাকেন সুনেরাহ। প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী পোশাক ও সাজে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন তিনি।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। যার অর্থ, ‘নিজেকে ভালোবাসার সময়’। ক্যাপশনটির মাধ্যমে নিজের প্রতি যত্নশীল হওয়া এবং আত্মপ্রেমের বিষয়টিই তুলে ধরেছেন অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে সুনেরাহকে দেখা গেছে অ্যাশ-পার্পল বা ধূসর-বেগুনি রঙের জমকালো শাড়িতে। শাড়ির সঙ্গে ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ তার সাজে যোগ করেছে ভিন্নমাত্রা। কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তার পুরো সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও আধুনিকতার মিশেল।
সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের স্বকীয়তা ধরে রেখে আবারও আলোচনায় এসেছেন সুনেরাহ বিনতে কামাল। তার নতুন এই সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
