কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তঃউপজেলা বদলির আদেশ স্থগিত হওয়ার পরও নিজ নিজ কর্মস্থলে ফেরেননি ১২ জন সহকারী শিক্ষক। দেড় মাসেরও বেশি সময় ধরে তাঁরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান নিজ কার্যালয়ে ডেকে সতর্ক করার পরও তাঁরা বিদ্যালয়ে যোগ দেননি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে ওই শিক্ষকদের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’ ১২ জন সহকারী শিক্ষকের বদলির আদেশ জারি করে। এ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্যসচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
তবে বদলির ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠায় পরদিন ৩০ সেপ্টেম্বর কমিটির পক্ষ থেকে ওই বদলির আদেশ স্থগিত করা হয়।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে আরও জানা যায়, উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলি হতে ৪৩ জন শিক্ষক আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১২ জনকে বদলির আদেশ দেওয়া হয়।
বদলি-সংক্রান্ত নথিপত্র ও আদেশ যাচাই করে দেখা গেছে, ওই ১২ শিক্ষকের মধ্যে আটজনের বদলির ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিতর্কিত বদলির আদেশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা স্থগিত করে সংশ্লিষ্ট কমিটি।
কিন্তু আদেশ স্থগিত হওয়ার পরও ওই ১২ শিক্ষক বদলিকৃত বিদ্যালয়ে অবস্থান করে হাজিরা খাতায় স্বাক্ষর করতে থাকেন। তাঁদের পূর্বের কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তাঁরা তা মানেননি। ফলে দীর্ঘদিন ধরে নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাঁরা।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নজরে এলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ওই ১২ শিক্ষককে নিজ কার্যালয়ে ডেকে পাঠান। এ সময় স্থগিত বদলির আদেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তাঁদের সতর্ক করেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ওই ১২ শিক্ষক ইউএনওর কার্যালয় থেকে বের হন। কিন্তু এরপরও তাঁরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাননি। শুনেছি, তাঁরা সবাই মিলে স্থানীয় এক বিএনপি নেতার কাছে গিয়েছিলেন। হয়তো ইউএনওর ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছেন।
এদিকে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বদলির আদেশ স্থগিত হওয়ার পরও ওই ১২ শিক্ষক তাঁদের পূর্বের কর্মস্থলে যোগ দেননি। সেদিনও তাঁরা অনুপস্থিত ছিলেন।
তালিকাভুক্ত শিক্ষকদের একজন রোখসানা পারভীন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছালেহা খাতুন বলেন, রোখসানা বিদ্যালয়ে আসেন না। শুধু এখন নয়, ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁর ডেপুটেশনের মেয়াদ শেষ হলেও তিনি কর্মস্থলে ফেরেননি। দীর্ঘ ১১ মাসেরও বেশি সময় ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। কোন আদেশের বলে তিনি বিদ্যালয়ে আসছেন না, তা আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো আদেশের কপিও পাইনি।
আরেক শিক্ষক ফারুক হোসেন সদর উপজেলার ১ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়টির প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান বলেন, বদলির আদেশ স্থগিত হলেও ফারুক হোসেন আর বিদ্যালয়ে আসেননি। গত ১ অক্টোবর থেকে তিনি এ বিদ্যালয়ে অনুপস্থিত। স্থগিত আদেশের পরও কোন আদেশের বলে তিনি অন্য বিদ্যালয়ে হাজিরা দিচ্ছেন, তা আমার জানা নেই।
এ ছাড়া তালিকায় থাকা অন্য শিক্ষকদের কর্মস্থল বিদ্যালয়গুলোতেও খোঁজ নিয়ে তাঁদের অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কর্মস্থলে অনুপস্থিত থাকা সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, শুধু আমি নই, ১২ জনের সবাই পূর্বের বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। আমরা বদলির আদেশ স্থগিত হওয়ার খবর পেয়েছি। তবে তার আগেই বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করেছিলাম। এখন কর্তৃপক্ষ লিখিতভাবে আমাদের ফিরে যেতে বললে আমরা ফিরে যাব।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ঢাকায় অবস্থান করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে বদলিকৃত বিদ্যালয়ে ওই ১২ শিক্ষকের যোগদানপত্র তিনি গ্রহণ করেননি বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মৌখিকভাবে বদলির আদেশ স্থগিত করার পর লিখিত আদেশও জারি করা হয়েছিল। এরপরও কেন ওই ১২ শিক্ষক তাঁদের নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাননি, তা জানতে বৃহস্পতিবার তাঁদের ডাকা হয়েছিল। তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আগামী রোববার তাঁরা নোটিশ পাবেন। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পূর্বের বদলির আদেশের অসঙ্গতি দূর করে নতুন আদেশ জারির বিষয়ে কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
