বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার (২৪) নামে স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) সকাল ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে পাঠানো হয়।
এর আগে শনিবার রাত ৮টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানচালক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধী মেয়ে মীম নিজ বাড়িতে শারীরিক অসুস্থ অবস্থায় মারা যান।
এ ঘটনায় তার বাবা মিলন জোমাদ্দার বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে মামলা করেন। খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে গ্রেফতার দেখায়।
মামলাটি মোরেলগঞ্জ থানায় নথিভুক্ত হয়েছে (মামলা নং-৩৭, তারিখ: ২১/০৬/২০২৬)। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৪)(খ) এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারা যুক্ত করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে।