বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।
মঙ্গলবার (৯ জুন) রাতে ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মোটরসাইকেলে করে বারুইপাড়া থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। পথে নিয়তির মোড় এলাকায় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।